নওগাঁয় আদিবাসী তরুণদের জন্য শুরু হলো তিন কর্মমুখী প্রশিক্ষণ
Jono Pokkho - জনপক্ষ |
প্রতিবেদক:
jonopokkho.com
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ৮:৫৫ অপরাহ্ণ
তরুণদের জন্য শুরু হলো তিন কর্মমুখী প্রশিক্ষণ
অর্থ মন্ত্রণালয়ের অধীন শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ও উদ্ভাবনের জন্য দক্ষতা উন্নয়ন কর্মসূচি—প্রশিকা প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
শনিবার, ২৬ সেপ্টেম্বর দুপুরে নওগাঁর রুমিয়া পেশাগত প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন কর্মসূচিটির নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ ওয়ালিদ হোসেন।
এবারের প্রশিক্ষণে তিনটি বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে—খাদ্য ও পানীয় প্রস্তুত, বেকারি ও পেস্ট্রি তৈরি এবং সৌন্দর্যচর্চা।
আয়োজকদের মতে, বর্তমান শ্রমবাজারের চাহিদা বিবেচনা করেই এসব বিষয় নির্বাচন করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা হাতে-কলমে কাজ শেখার পাশাপাশি চাকরি, আত্মকর্মসংস্থান কিংবা নিজস্ব উদ্যোগে ব্যবসা শুরু করার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পিছিয়ে থাকা জনগোষ্ঠীর তরুণদের বাজারমুখী প্রশিক্ষণের আওতায় আনা গেলে তাদের দক্ষতা ও অর্থনৈতিক সক্ষমতা বাড়বে। একই সঙ্গে কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ায় পরিবারের ওপর নির্ভরশীলতাও কমবে।
প্রধান অতিথি মোহাম্মদ ওয়ালিদ হোসেন বলেন, শুধু প্রশিক্ষণ দেওয়াই যথেষ্ট নয়; প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা যাতে আয় করতে পারেন, সেটিও নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, প্রশিক্ষণের সঙ্গে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের কার্যকর সংযোগ তৈরি করা গেলে এই উদ্যোগের সুফল দীর্ঘস্থায়ী হবে।
প্রশিক্ষণে খাদ্য ও পানীয় তৈরি ও পরিবেশন, বেকারি ও পেস্ট্রি তৈরির ব্যবহারিক দক্ষতা এবং সৌন্দর্যচর্চাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পেশাগত বিষয়ে হাতে-কলমে শেখার সুযোগ থাকছে।
আয়োজক ও সংশ্লিষ্টদের আশা, শ্রমবাজারের চাহিদা অনুযায়ী এমন প্রশিক্ষণের সুযোগ বাড়ানো গেলে তরুণদের জন্য নতুন কর্মক্ষেত্র তৈরি হবে। পাশাপাশি আদিবাসী জনগোষ্ঠীর তরুণদের দক্ষতা ও আয় করার সক্ষমতা বাড়লে এর ইতিবাচক প্রভাব পড়বে স্থানীয় অর্থনীতিতেও।